রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে রেলওয়ের একটি উন্নয়নমূলক কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, নিজের পছন্দের লোকদের ঠিকাদারি কাজের অংশীদার না করায় গত শুক্রবার দিবাগত রাতে বাঘার আড়ানী রেলওয়ে স্টেশনে গিয়ে তিনি কাজ বন্ধের নির্দেশ দেন। এর ফলে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ের এই সংস্কার কাজটি স্থবির হয়ে পড়েছে।
ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান বিশ্বাস কনস্ট্রাকশন আড়ানী স্টেশনের এক নম্বর লাইনে পুরোনো কাঠের স্লিপার বদলে কংক্রিটের স্লিপার ও পাথর বসানোর কাজ করছিল। ঠিকাদার আশরাফ উদ্দিনের দাবি, কাজ শুরুর পর থেকেই স্থানীয় বিএনপি ও যুবদলের কিছু নেতাকর্মী কাজের অংশীদার হতে অথবা তাদের কাছ থেকে নির্মাণসামগ্রী কিনতে চাপ দিচ্ছিলেন। সেই প্রস্তাবে রাজি না হওয়ায় গত শুক্রবার রাতে স্টেশনে গিয়ে এমপি সরাসরি কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।
ঠিকাদার পক্ষ জানিয়েছে, তারা ইতিমধ্যে আড়াই কোটি টাকা বিনিয়োগ করে পুরোনো লাইন তুলে ফেলেছে। কাজ বন্ধ থাকায় এখন ঈদকে সামনে রেখে বড় ধরণের সিডিউল বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। ঠিকাদার আশরাফ উদ্দিন আক্ষেপ করে বলেন, এমপির নিষেধ অমান্য করে কাজ করার সাহস তাদের নেই। বিষয়টি ইতিমধ্যে পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
তবে এমপি আবু সাঈদ চাঁদের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাঁর ব্যক্তিগত সহকারী জানান, এমপি কাজ বন্ধের কোনো নির্দেশ দেননি; বরং ভালোমতো কাজ করার পরামর্শ দিয়েছেন। তাঁর দাবি, এলাকার ছেলেদের যদি কাজের সুযোগ দেওয়া যায়, সে বিষয়ে তিনি কেবল কথা বলেছিলেন। বর্তমানে বিষয়টি নিয়ে প্রকৌশল বিভাগের মাধ্যমে সমাধানের চেষ্টা করছে রেলওয়ে কর্তৃপক্ষ।







