রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে বিচারকাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক সংলাপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তবে বিচার শেষ হওয়ার বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ার বলে তিনি উল্লেখ করেন।
দেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া এই ধরনের অপরাধের বিষয়ে দুঃখ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি মূলত আমাদের সামাজিক অবক্ষয় ও মূল্যবোধের অভাবের কারণে ঘটছে। ধর্মীয় ও সাংস্কৃতিক ভিত্তির ওপর দাঁড়িয়ে সমাজ সংস্কার করা এখন জরুরি হয়ে পড়েছে, কারণ কিছু অপসংস্কৃতির প্রভাবে ধর্ষণের মাত্রা আমাদের সহ্যসীমার বাইরে চলে যাচ্ছে। সরকার হিসেবে আমাদের দায়িত্ব আইনানুগ ও দ্রুত বিচার নিশ্চিত করা এবং আমরা অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেপ্তারে সর্বোচ্চ মনোযোগ দিয়েছি।
রামিসা হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনার মাত্র সাত ঘণ্টার মধ্যে মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং সে আদালতেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ১৬৪ ধারার সেই জবানবন্দির ভিত্তিতে তার সহযোগী হিসেবে তার স্ত্রীকেও গ্রেপ্তার করা হয়েছে। আদালতের অনুমতি নিয়ে মাত্র তিন দিনের মধ্যে ডিএনএ পরীক্ষা এবং ময়নাতদন্তের রিপোর্ট সংগ্রহ করে সব তথ্য একসাথে কম্পাইল করে রবিবার রাতের মধ্যেই মামলার চার্জশিট চূড়ান্ত করা হয়েছে, যা আজ সোমবার আদালতে জমা দেওয়ার কথা রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, আদালত আসন্ন ছুটিতে যাওয়ার কথা থাকলেও প্রধান বিচারপতি এই বিশেষ মামলার জন্য ছুটি বাতিল করার চিন্তা করছেন। এছাড়া এই মামলাটি পরিচালনার জন্য রাষ্ট্রপক্ষে একজন বিশেষ পিপি (পাবলিক প্রসিকিউটর) নিয়োগ দেওয়া হয়েছে। সব প্রস্তুতি সম্পন্ন থাকায় চার্জশিট দাখিলের পর আগামী পাঁচ থেকে সাত দিনের ভেতরেই এই ঘৃণ্য অপরাধের বিচার কার্য সমাপ্ত হবে বলে সরকার দৃঢ় আশাবাদী।
বিএসআরএফ সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলের সঞ্চালনায় এই সংলাপে আরও বক্তব্য দেন পিআইডির প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ।







