জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের সহধর্মিণী।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১-এর ধারা ৮(১) ও ৮(২) অনুযায়ী আফরোজা আব্বাসকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
তবে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই সরকার প্রয়োজন মনে করলে এ নিয়োগ বাতিল করতে পারবে। একই সঙ্গে তিনি চাইলে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে সরকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি নিতে পারবেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে আফরোজা আব্বাসের এ নিয়োগ হবে সম্পূর্ণ অবৈতনিক।







