সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফার আলোচনার সম্ভাবনা এখনো বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, কূটনৈতিক যোগাযোগ ও মধ্যস্থতাকারী প্রচেষ্টার মাধ্যমে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই আলোচনা অব্যাহত থাকতে পারে।
ইরানের সরকারি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, বিভিন্ন কূটনৈতিক চ্যানেল ও মধ্যস্থতার মাধ্যমে আলোচনার প্রক্রিয়া চলমান রয়েছে এবং তা অব্যাহত থাকবে।
এদিকে সুইস সরকারের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের আগামীকাল সুইজারল্যান্ডে প্রাথমিক পর্যায়ের বৈঠকে বসার কথা রয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, এই আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরানের পাশাপাশি মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতারসহ সংশ্লিষ্ট পক্ষগুলোও অংশ নিতে পারে। বৈঠকটি সুইজারল্যান্ডের পাহাড়চূড়ার রিসোর্ট বুর্গেনস্টকে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে চুক্তি বাস্তবায়ন নিয়ে প্রাথমিক আলোচনা হবে।
তবে বৈঠকের নির্দিষ্ট সময়সূচি ও বিস্তারিত বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এর আগে চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান শুক্রবার সুইজারল্যান্ডে হওয়ার কথা থাকলেও পরে তা পরিবর্তিত হয়ে ইলেকট্রনিক মাধ্যমে সম্পন্ন হয়। বুধবার (১৭ জুন) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই চুক্তির একটি হার্ড কপিতে স্বাক্ষর করেন।







