মাদারীপুরে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে নগদ ৬৪ হাজার টাকা ও খেলনা নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়া ৮ বছরের এক শিশুকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার একদিন পর বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে মাদারীপুর সদর হাসপাতাল থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন দায়িত্বরত আনসার সদস্যরা।
উদ্ধার হওয়া শিশুটির নাম মাহিম জমাদ্দার। সে মাদারীপুর সদর উপজেলার পূর্ব বাহাদুরপুর গ্রামের সুমন জমাদ্দারের ছেলে। আইনি প্রক্রিয়া শেষে উদ্ধার হওয়া নগদ অর্থ ও খেলনাসহ শিশুটিকে শুক্রবার (১৭ জুলাই) ভোরে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আনসার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বুধবার মাহিম বাড়ি থেকে নিখোঁজ হয়। পরদিন বৃহস্পতিবার রাত ১০টার দিকে মাদারীপুর সদর হাসপাতালের বহির্বিভাগে (আউটডোর) শিশুটিকে একা উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখেন দায়িত্বরত আনসার সদস্য অন্তর মিয়া। এতে সন্দেহ হলে তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে ক্যাম্প ইনচার্জকে জানান।
পরে আনসার সদস্যরা শিশুটির সঙ্গে পরম মমতায় কথা বলে তাকে নিজেদের হেফাজতে নেন। এ সময় তার সাথে থাকা ব্যাগটি তল্লাশি করে প্রিয় খেলনার পাশাপাশি নগদ ৬৪ হাজার ১২০ টাকা উদ্ধার করা হয়। মাহিমের ভাষ্যমতে, বাবা-মায়ের সাথে ঝগড়া ও অভিমান করেই সে টাকা ও খেলনা নিয়ে বাসা থেকে বের হয়ে এসেছিল।
সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মনির হোসেন বলেন, ‘শিশুটিকে পাওয়ার পর আমরা বিভিন্ন মাধ্যমে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করি। পরে মাদারীপুর সদর থানা পুলিশের উপস্থিতিতে শিশুটিকে তার বাবার হাতে তুলে দেওয়া হয়েছে। একই সাথে সন্তানদের মানসিক অবস্থা ও প্রতি বাবা-মাকে আরও বেশি যত্নশীল হওয়ার অনুরোধ জানাচ্ছি।’
ছেলের সন্ধান পেয়ে মাহিমের বাবা সুমন জমাদ্দার আনসার সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘ছেলেকে হারিয়ে আমরা পুরো পরিবার দিশেহারা হয়ে পড়েছিলাম। আনসার সদস্যরা সঠিক সময়ে তাকে উদ্ধার না করলে হয়তো বড় কোনো বিপদ হতে পারত।’







