পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বুধবার (২৯ জুলাই) সকাল ৬টা থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স ধর্মঘটের ঘোষণা দিয়েছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।
মঙ্গলবার সংগঠনটির সাধারণ সম্পাদক বাদল মাদবর বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ কারণে বাধ্য হয়ে তারা দেশব্যাপী অনির্দিষ্টকালের ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করেছেন।
সমিতির পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—
অ্যাম্বুলেন্স-সংক্রান্ত বাণিজ্যিক নীতিমালার বাস্তবায়ন।দেশের প্রতিটি সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্সের জন্য নির্ধারিত পার্কিং সুবিধা নিশ্চিত করা।
হাইকোর্টের রায় অনুযায়ী অ্যাম্বুলেন্সের জন্য টোল-ফ্রি ব্যবস্থা চালু করা।লাশবাহী ফ্রিজার ভ্যান ও মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সের জন্য টোল-ফ্রি সুবিধা নিশ্চিত করা।২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্সের জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা।
সংগঠনের নেতারা বলেন, এসব যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া না হওয়ায় তারা ধর্মঘটের পথে যেতে বাধ্য হয়েছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।







