হরমুজ প্রণালি সংক্রান্ত বিষয়ে ওমানের সঙ্গে একটি সমঝোতা চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে ইরান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার দিন শেষ হওয়ার আগেই এ চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
আল জাজিরা কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং উভয় পক্ষ এখন চুক্তি ঘোষণার দ্বারপ্রান্তে রয়েছে। যদিও এখনও এক-দুটি বিষয় চূড়ান্ত করা বাকি, তবে সংশ্লিষ্টদের মতে, সেগুলো জটিল নয় এবং দ্রুতই সমাধান সম্ভব।
প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হরমুজ প্রণালি দিয়ে জাহাজ ও নৌযানের চলাচলের নির্ধারিত রুট। বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ বিষয়ে নীতিগতভাবে উভয় পক্ষ একমত হয়েছে। বর্তমানে জাহাজ চলাচলের নতুন রুটের ভৌগোলিক স্থানাঙ্ক নির্ধারণের কাজ চলছে।
হরমুজ প্রণালি নিয়ে আলোচনায় আরও কয়েকটি বিষয় রয়েছে, যার মধ্যে ইরানের প্রস্তাবিত টোল বা ট্রানজিট ফি আরোপের বিষয়টিও অন্যতম। এসব বিষয়ে সমঝোতা হলেই চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে।







