যুক্তরাষ্ট্রের সাবেক কংগ্রেস সদস্য মার্জরি টেলর গ্রিন এক চাঞ্চল্যকর সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাব্য বিষয় নিয়ে ট্রাম্প প্রশাসনে উচ্চপর্যায়ের আলোচনা চলছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া ওই পোস্টে গ্রিন স্পষ্ট করে উল্লেখ করেন যে, এটি তাঁর কোনো অনুমান বা মনগড়া তথ্য নয়; তিনি নিশ্চিতভাবে জেনেই বিষয়টি প্রকাশ করেছেন।
ইরানের ওপর পারমাণবিক হামলা নিয়ে কৌশলগত এই গোপন বৈঠক এবং পরিকল্পনার তীব্র সমালোচনা করে এটিকে চরম অনৈতিক কাজ বলে অভিহিত করেন এই সাবেক মার্কিন আইনপ্রণেতা।
এ ধরনের পদক্ষেপ কেবল অনৈতিকই নয়, বরং বিশ্বের জন্য মারাত্মক হুমকি ডেকে আনবে এবং একটি বড় ধরনের বিশ্বযুদ্ধ ও মানবিক বিপর্যয় সৃষ্টি করতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
একই সাথে তিনি সতর্ক করে দেন যে, প্রেসিডেন্ট ট্রাম্প বৈদেশিক যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিলেও বর্তমান নীতি ও পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে নজিরবিহীন এক ধ্বংসাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।







