ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সামরিক উত্তেজনার মধ্যেই মার্কিন প্রসেডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খোঁচা দিতে বলিউড তারকা অক্ষয় কুমারের জনপ্রিয় মিম ব্যবহার করেছে তিউনিসিয়ায় অবস্থিত ইরানি দূতাবাস। মার্কিন সাবমেরিন আটক, বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনকে ঘিরে অভিনব এই কূটনৈতিক কটাক্ষ বিশ্বজুড়ে সাড়া ফেলেছে।
সম্প্রতি হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের একটি চালকবিহীন ড্রোন আটকের দাবির পরই তিউনিসিয়ায় ইরানি দূতাবাসের অফিশিয়াল এক্স (টুইটার) অ্যাকাউন্টে অক্ষয় কুমারের হাস্যরসাত্মক এক্সপ্রেশনের মিমটি পোস্ট করা হয়। সেখানে অক্ষয়ের কয়েকটি দুষ্টুমি ভরা প্রতিক্রিয়া সমন্বয় করে ক্যাপশনে লেখা হয়, “সাবমেরিন আটক। তেলের দাম ১০০ ডলারের কাছাকাছি। নির্বাচনও সামনে। কেমন চলছে, ট্রাম্প?”
সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা ভূ-রাজনৈতিক সংকটে বলিউডের পপ-কালচার ব্যবহারের এই কৌশল দেখে বেশ রসিকতা প্রকাশ করছেন। কেউ কেউ অক্ষয় কুমারকে ঠাট্টা করে ‘ভূ-রাজনৈতিক সম্পদ’ হিসেবে আখ্যা দিয়েছেন, আবার অনেকে রসিকতা করে মন্তব্য করেছেন—ট্রাম্প যেন জানতে না পারেন এটি ভারতীয় মিম, নয়তো ভারতের ওপর আবার নতুন নিষেধাজ্ঞা দিয়ে বসবেন!
মার্কিন যুক্তরাষ্ট্রকে বিদ্রূপ করতে ইরানের পক্ষ থেকে ভারতীয় বিনোদন জগৎকে ব্যবহার করার ঘটনা এটিই প্রথম নয়। চলতি বছরের এপ্রিলেও মুম্বাইয়ে অবস্থিত ইরানের কনস্যুলেট জনপ্রিয় বলিউড কমেডি সিনেমা ‘ধামাল’-এর একটি দৃশ্য ব্যবহার করে মার্কিন প্রশাসনকে তাড়া খাওয়ার পরিস্থিতিতে দেখিয়ে কটাক্ষ করেছিল, যেখানে ক্যাপশন ছিল—‘ভারতের মিম সর্বসেরা’।







