জামায়াতে ইসলামীর সঙ্গে আঁতাত ও গোপন যোগাযোগের কারণেই রাজধানীর গুলশানসহ বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঝটিকা মিছিল করার সাহস পাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ঝিনাইদহে ভার্চুয়ালি অংশগ্রহণ ও সচেতনতামূলক র্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান বলেন, ১৯৯৬ সালেও আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে জামায়াতে ইসলামী তৎকালীন বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল, এবারও তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদেই আওয়ামী লীগ রাজপথে নামার সাহস পাচ্ছে। জামায়াত নেতারা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার বিষয়ে নমনীয় সুর দেখালেও দেশের সাধারণ জনগণ আর কোনোভাবেই এই ফ্যাসিবাদী শক্তিকে মেনে নেবে না বলে তিনি সতর্ক করেন।
বিএনপির এই শীর্ষ নেতা আরও উল্লেখ করেন, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে চব্বিশের গণঅভ্যুত্থান—প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে বিএনপি নেতৃত্ব দিয়েছে এবং অসংখ্য নেতাকর্মী জীবন দিয়েছেন। বিএনপি সর্বদা ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ রাখতে চায়, অথচ জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই ঐক্য বিনষ্ট করে বিরোধী শক্তিগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টি করছে।
এর আগে ঝিনাইদহ জেলা প্রশাসন আয়োজিত ডেঙ্গু প্রতিরোধমূলক র্যালিতে অংশ নেন রাশেদ খান। এ সময় জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশাসহ বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।







