ভারতের ক্ষমতাসীন বিজেপি শাসিত রাজ্যগুলোতে দ্রুত অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই বিজেপি ও এনডিএ জোট শাসিত অন্তত ২১টি রাজ্যে এই আইন কার্যকর করার সংকল্প প্রকাশ করেছেন তিনি।
বর্তমানে ভারতে ফৌজদারি আইন সবার জন্য অভিন্ন হলেও বিয়ে, বিবাহবিচ্ছেদ, দত্তক গ্রহণ ও উত্তরাধিকারের মতো ব্যক্তিগত বিষয়গুলো বিভিন্ন ধর্মের নিজস্ব আইনের অধীনে পরিচালিত হয়। বিজেপি সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সকল ধর্মীয় সম্প্রদায়ের জন্য একটি একক ও অভিন্ন দেওয়ানি আইনি কাঠামো তৈরি করা।
উত্তরাখণ্ড ইতোমধ্যে প্রথম রাজ্য হিসেবে এই দেওয়ানি বিধি কার্যকর করেছে এবং গুজরাটসহ আরও কয়েকটি রাজ্যে আইনি প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। আইনি সংস্কারের সমর্থকদের মতে, এই আইনটি বহুবিবাহ প্রথা বন্ধ করবে, লিঙ্গবৈষম্য দূর করে সম্পত্তিতে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করবে এবং বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে নারীদের আইনি সুরক্ষা জোরদার করবে।
তবে এই পদক্ষেপকে ঘিরে ভারতের প্রায় ২২ কোটি মুসলিম জনগোষ্ঠীর মধ্যে গভীর উদ্বেগ ও অসন্তোষ তৈরি হয়েছে। মুসলিম সম্প্রদায়ের একাংশের মতে, ইউসিসি কার্যকর হলে তাদের নিজস্ব ধর্মীয় বিশ্বাস ও ব্যক্তিগত আইনের (পার্সোনাল ল) ওপর হস্তক্ষেপ ঘটবে, যা সংবিধান প্রদত্ত ধর্মীয় স্বাধীনতার অধিকারকে সংকুচিত করতে পারে।







