সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং প্রশিক্ষণ বিনিময়ের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও চীন। সোমবার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের মধ্যে অনুষ্ঠিত এক সৌজন্য বৈঠকে এই সমঝোতা হয়।
বৈঠকে চীনের বিদায়ী রাষ্ট্রদূত আগামী অক্টোবরের শুরুতে তাঁর মেয়াদ শেষ হওয়ার বিষয়টি অবহিত করেন এবং চীনের পাবলিক সিকিউরিটি বিষয়ক ফোরামে অংশগ্রহণের জন্য বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রীকে চীন সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রদূত উল্লেখ করেন, বিগত দুই বছরে চীন বাংলাদেশের শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে সাইবার ক্রাইম, পাবলিক সিকিউরিটি, ট্রাফিক ম্যানেজমেন্ট ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের জন্য উন্নত প্রশিক্ষণ দিয়েছে।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, সরকার পুলিশ বাহিনীর জন্য একটি বিশেষায়িত ‘সাইবার সিকিউরিটি ইউনিট’ গঠন এবং থানা থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত ডিজিটাল ফরেন্সিক ল্যাব প্রতিষ্ঠার পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে। এই প্রেক্ষাপটে চীনের সাইবার ল্যাব পরিদর্শন ও প্রযুক্তিগত অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে সিআইডি প্রধানের নেতৃত্বে ৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের পুলিশ প্রতিনিধি দল চীনে পাঠানোর ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এ ছাড়া বৈঠকে বাংলাদেশে কর্মরত চীনা নাগরিক, ব্যবসায়ী ও প্রকল্প কর্মীদের নিরাপত্তার বিষয়ে আলোচনা হয়। বিদায়ী রাষ্ট্রদূত চীনা নাগরিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানালে স্বরাষ্ট্রমন্ত্রী চীনকে অন্যতম প্রধান কৌশলগত উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করে বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকদের সর্বোচ্চ সুরক্ষা দেওয়ার বিষয়ে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।







