গণঅভ্যুত্থান-পরবর্তী বিএনপি সরকার একলা চলো নীতি অনুসরণ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। তিনি বলেন, জনগণের গণরায় উপেক্ষা করে জুলাই সনদ বাস্তবায়ন না করে সংবিধান সংশোধন কমিটির নামে সরকার নাটক ও তালবাহানা করছে। গণভোটের রায় না মানলে তারেক রহমানেরও ক্ষমতায় থাকার অধিকার নেই।
বুধবার রাজধানীর বাড্ডা-লিংক রোড এলাকায় আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।
আলী আহসান জুনায়েদ অভিযোগ করেন, সরকার জনগণের অধিকার ক্ষুণ্ণ করছে এবং নাগরিকদের নিরাপত্তার বিষয়ে উদাসীনতা দেখাচ্ছে। অন্যদিকে নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছে।
তিনি বলেন, গ্যাসের দাম নির্ধারণের ক্ষেত্রে গণশুনানির বিধান থাকলেও সরকার এখন সেটিকে গুরুত্ব দিচ্ছে না। যখন-তখন দাম বাড়িয়ে জনগণের ওপর বাড়তি ব্যয়ের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে।
এনসিপির এই নেতা আরও বলেন, যে সরকার জনগণের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না, সেই সরকারকে তাঁর দল সহযোগিতা করবে না। গণঅভ্যুত্থান-পরবর্তী সরকারকে সহযোগিতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা থাকলেও জনগণের রায় উপেক্ষা করে সরকার মানুষের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেন তিনি।
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্যপণ্যের লাগামহীন দাম বৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে একই দিন লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেন এনসিপির নেতাকর্মীরা।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, রাজনৈতিক পর্ষদের সদস্য ও যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল আমিন এমপি, সালেহ উদ্দিন সিফাত এবং যুগ্ম সদস্যসচিব ফরিদুল হকসহ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।







