বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কতামূলক রাডার লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইরানের দক্ষিণাঞ্চলীয় সেরিক শহরের একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।
আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে আইআরজিসির বরাতে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের উসকানিমূলক বিমান তৎপরতা ও তেল পাচারের জবাবে বাহরাইনের ওই মার্কিন রাডারটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
আইআরজিসি এক বিবৃতিতে জানায়, এটি আগ্রাসী শত্রুদের জন্য একটি কঠোর সতর্কবার্তা। তাদের আকাশপথে উসকানিমূলক তৎপরতা ও হরমুজ প্রণালিতে তেল পাচার বন্ধ করতে হবে। এ ধরনের লঙ্ঘন ও আগ্রাসন পুনরায় ঘটলে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স কোনো সীমাবদ্ধতা ছাড়াই পাল্টা ব্যবস্থা নিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার তথ্যমতে, বৃহস্পতিবার দেশটির হরমোজগান প্রদেশের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সেরিকে ‘শত্রুপক্ষের হামলা’ হয়েছে বলে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন। ওই হামলায় শহরটির একটি টেলিযোগাযোগ টাওয়ারকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।
তবে বাহরাইনের মার্কিন রাডারে চালানো এই হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।







