জাহাজের জ্বালানি খরচ উল্লেখযোগ্য হারে কমানোর লক্ষে অভিনব এক নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছে চীনের রাষ্ট্রীয় জাহাজ নির্মাণ সংস্থার একটি সহযোগী প্রতিষ্ঠান। দ্বিতীয় প্রজন্মের এই বুদ্ধিমান ‘বাবল লুব্রিকেশন সিস্টেম’ বা বুদ্বুদভিত্তিক পিচ্ছিলকরণ ব্যবস্থা মূলত জাহাজের তলা এবং সমুদ্রের পানির মধ্যকার ঘর্ষণ কমিয়ে জ্বালানি সাশ্রয় করতে সক্ষম।
ঘর্ষণ কমে যাওয়ার কারণে জাহাজটিকে সামনের দিকে এগিয়ে নিতে আগের তুলনায় অনেক কম শক্তির প্রয়োজন হয়, যা সরাসরি জ্বালানি সাশ্রয়ে বড় ভূমিকা রাখে। দক্ষিণ চীন মর্নিং পোস্টের (এসসিএমপি) সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ পাঁচ মাসের পরীক্ষামূলক ব্যবহারে প্রযুক্তিটি প্রায় ৫ শতাংশ নিট জ্বালানি সাশ্রয় করতে সক্ষম হয়েছে।
এর বাস্তব সুফল ব্যাখ্যা করতে গিয়ে গবেষকরা জানান, সাধারণত যে তেলবাহী জাহাজ প্রতিদিন ২০ টন জ্বালানি পোড়ায় এবং যার ওজন প্রায় ৫০ হাজার টন, সেই জাহাজটি এই প্রযুক্তি ব্যবহার করলে দৈনিক প্রায় এক টন পর্যন্ত জ্বালানি বাঁচাতে পারবে।
উদ্ভাবকদের প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রযুক্তিটি অত্যন্ত নমনীয়ভাবে তৈরি করা হয়েছে, যাতে এটি বিভিন্ন ধরনের জাহাজে সহজে ব্যবহার করা যায়। বর্তমান যুগের পরিবেশবান্ধব তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), বিদ্যুৎ, মিথানল কিংবা অ্যামোনিয়াচালিত আধুনিক জাহাজেও এটি সমানভাবে কার্যকর।
জাহাজের পরিচালন ব্যয় বা জ্বালানি খরচ কমানোর পাশাপাশি সামুদ্রিক বাণিজ্যে পণ্য পরিবহনের সামগ্রিক খরচ এবং জ্বালানি পোড়ানোর ফলে সৃষ্ট সামুদ্রিক দূষণ কমাতে এই প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।







