অযোধ্যার রামমন্দির পরিদর্শনের পরিকল্পনা করেছেন ভারতের উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির (এসপি) প্রধান অখিলেশ যাদব। তার এ পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়েইসি।
শনিবার মিরাটে এক জনসভায় ওয়েইসি বলেন, ‘অখিলেশ এমন একটি স্থানে যাচ্ছেন, যেখানে আমরা ৪০০ বছর ধরে নামাজ আদায় করেছি।’ উল্লেখ্য, ১৯৯২ সাল পর্যন্ত ওই স্থানে বাবরি মসজিদ অবস্থিত ছিল।
উত্তর প্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ওয়েইসি ও নাগিনার সংসদ সদস্য চন্দ্রশেখর আজাদের দল আজাদ সমাজ পার্টি (এএসপি) মিলে ‘সামাজিক পরিবর্তন মোর্চা’ গঠন করেছে। মুসলিম ও দলিত ভোটের সমীকরণ কাজে লাগিয়ে বিজেপি, এসপি ও কংগ্রেসের বাইরে একটি বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলাই এই জোটের লক্ষ্য।
আগামী ১২ ডিসেম্বর অখিলেশের রামমন্দির পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে। এ বিষয়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, রামভক্তদের কাছে ক্ষমা চেয়েই অখিলেশের মন্দিরে যাওয়া উচিত। কারণ, ১৯৯০ সালে অযোধ্যায় রামমন্দির আন্দোলনকারীদের ওপর পুলিশের গুলিবর্ষণের সময় অখিলেশের বাবা মুলায়ম সিং যাদব উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন।
ওয়েইসি প্রশ্ন তোলেন, মসজিদ ও মাদ্রাসা ভাঙার ঘটনায় অখিলেশ কোথায় ছিলেন? সমাজবাদী পার্টির পিডিএ (পিছিয়ে পড়া, দলিত ও সংখ্যালঘু) স্লোগানকে কটাক্ষ করে তিনি বলেন, এর প্রকৃত অর্থ হওয়া উচিত ‘পলট দিয়া অখিলেশ’—অর্থাৎ অখিলেশকে ক্ষমতাচ্যুত করা।
২০১৩ সালের মুজফফরনগর দাঙ্গার প্রসঙ্গ টেনে ওয়েইসি অভিযোগ করেন, অখিলেশের মুখ্যমন্ত্রিত্বের সময় প্রায় ৫০ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়েছিলেন। এ ছাড়া ১৯৮৭ সালে মিরাটের হাসিমপুরায় ৪২ জন মুসলিম হত্যার ঘটনা উল্লেখ করে কংগ্রেসেরও সমালোচনা করেন তিনি।
বিজেপিকে পরাজিত করতে মুসলিম ও দলিতদের সমাজবাদী পার্টিকে ভোট দেওয়ার আহ্বানও প্রত্যাখ্যান করেন ওয়েইসি। তিনি প্রশ্ন করেন, ২০১৪, ২০১৭, ২০১৯ কিংবা ২০২২ সালের নির্বাচনে এসপি কি বিজেপিকে পরাজিত করতে পেরেছিল?
জনসভায় চন্দ্রশেখর আজাদকে জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সমর্থন জানান ওয়েইসি। তিনি বলেন, ‘কোনো রাজনৈতিক দলের সামনে আর মাথা নত করব না, কারও কাছে গিয়ে ভিক্ষা চাইব না।’
এ সময় কৃষিঋণ মওকুফ, আখের ন্যায্যমূল্য বৃদ্ধি এবং পশ্চিম উত্তর প্রদেশে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের প্রতিশ্রুতি দেন ওয়েইসি। পুলিশের কথিত পক্ষপাতমূলক এনকাউন্টার নিয়েও প্রশ্ন তুলে তিনি আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার করেন।
সূত্র: এনডিটিভি







