ধর্মীয় পরিচয়ের কারণে ভারতীয় নাগরিকদের অবৈধভাবে দেশ থেকে বহিষ্কারের অভিযোগে ভারত সরকারের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশনের (ইউএসসিআইআরএফ) কমিশনার জিন মিলস। একই সঙ্গে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগে ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ (সিপিসি) হিসেবে তালিকাভুক্ত করতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
জিন মিলসের অভিযোগ, মুসলিম হওয়ার কারণে ভারত সরকার নিজ দেশের নাগরিকদের বহিষ্কার করছে। ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্যবস্তু করার এই প্রবণতা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের ধারাবাহিক, পদ্ধতিগত ও গুরুতর ঘটনার কারণে ভারতকে সিপিসি তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
এদিকে ইউএসসিআইআরএফের সর্বশেষ বক্তব্যের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া জানতে চেয়েছেন দেশটির সংবাদমাধ্যম দ্য হিন্দুর সাংবাদিক সুহাসিনী হায়দার। এক সংবাদ সম্মেলনে তিনি ভোটার তালিকা থেকে সংখ্যালঘুদের নাম বাদ দেওয়া এবং ধর্মীয় পরিচয়ের কারণে নাগরিকদের বহিষ্কারের অভিযোগ নিয়ে ভারত সরকারের অবস্থান জানতে চান।
জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইউএসসিআইআরএফ একটি পক্ষপাতদুষ্ট সংস্থা এবং তাদের প্রকাশ্য রাজনৈতিক এজেন্ডা রয়েছে। পূর্বধারণায় আক্রান্ত এমন কোনো সংস্থার বক্তব্যকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।
তবে উত্থাপিত নির্দিষ্ট অভিযোগগুলোর বিষয়ে সরাসরি কোনো জবাব দেননি মুখপাত্র। এ বিষয়ে মার্কিন সরকার কিংবা নয়াদিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাসের সঙ্গে ভারত আলোচনা করেছে কি না, সেটিও স্পষ্ট করেননি তিনি।
এর আগে মুসলিম অধিকারকর্মী শরজিল ইমামের আটক নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিল ইউএসসিআইআরএফ। গত ১৩ নভেম্বর দেওয়া এক বিবৃতিতে তাকে ধর্মীয় স্বাধীনতার পক্ষে অবস্থান নেওয়ার কারণে আটক একজন মুসলিম হিসেবে উল্লেখ করে সংস্থাটি। ২০১৯ ও ২০২০ সালে নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরুদ্ধে আন্দোলনে অংশ নেওয়ার সঙ্গে তার গ্রেপ্তারের সম্পর্ক রয়েছে বলেও দাবি করা হয়।
এ বক্তব্যের প্রতিবাদ জানান যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা। তিনি বলেন, ভারতীয় নাগরিকদের সাংবিধানিক অধিকার নিয়ে মন্তব্য করার কোনো এখতিয়ার ইউএসসিআইআরএফের নেই।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি কমিশনটির মূল্যায়নকে ‘অভ্যাসগতভাবে পক্ষপাতদুষ্ট, অপর্যাপ্ত তথ্যনির্ভর ও বিদ্বেষপূর্ণ’ বলে আখ্যা দেন। একই সঙ্গে নিজেদের পূর্বধারণা নিয়ে সংস্থাটিকে আত্মসমালোচনার পরামর্শ দেন।
এর আগে গত ৬ নভেম্বর ইউএসসিআইআরএফের দুই কমিশনার অ্যান্ডারসন ও জো গ্রোগান ভারতে শিখদের গুরুদুয়ারাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। এসব হামলার মধ্যে গির্জা ও মসজিদও রয়েছে বলে উল্লেখ করেন তারা। ধর্মীয় সহিংসতা মোকাবিলায় ভারতের পদক্ষেপের সঙ্গে দেশটিকে দেওয়া মার্কিন নিরাপত্তা সহায়তা যুক্ত করারও আহ্বান জানান।
গত ২৭ আগস্ট ‘ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের জন্য ভারতকে জবাবদিহির আওতায় আনতে হবে’ শিরোনামে প্রকাশিত এক বিবৃতিতেও দেশটির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলে ইউএসসিআইআরএফ। এতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতের যুক্তরাষ্ট্র সফর নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়।
কমিশনের অভিযোগ, আরএসএস-সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর সদস্যরা খ্রিষ্টান, দলিত, মুসলিম ও শিখ সম্প্রদায়ের মানুষের ওপর সহিংস হামলা চালিয়েছে। বিজেপি নেতৃত্বাধীন সরকার আরএসএসের হিন্দুত্ববাদী আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নীতি বাস্তবায়ন করছে। পাশাপাশি সংখ্যালঘুদের ওপর হামলা প্রতিরোধ এবং জড়িতদের বিচারের আওতায় আনতেও ব্যর্থ হচ্ছে।
এ ছাড়া আসামে মুসলিম নাগরিকদের বহিষ্কার এবং উত্তর আমেরিকায় শিখ সম্প্রদায়কে লক্ষ্য করে আন্তদেশীয় দমন-পীড়নের অভিযোগও তুলেছে কমিশনটি। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরএসএস সদস্য ও ভারতীয় কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ, মোহন ভাগবতের ভিসা বাতিল এবং ভারতকে সিপিসি তালিকাভুক্ত করার আহ্বান জানায় তারা।
গত সেপ্টেম্বরে ইউএসসিআইআরএফ আরও অভিযোগ করে, ধর্মীয় সংখ্যালঘুদের আটক ও দমনে ভারত সন্ত্রাসবাদবিরোধী আইন ব্যবহার করছে। বিশেষ করে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ) প্রয়োগের মাধ্যমে সংখ্যালঘু ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের কণ্ঠরোধ করা হচ্ছে বলে দাবি করে সংস্থাটি।
এ ছাড়া গত ২ এপ্রিল মহারাষ্ট্র ও ছত্তিশগড়ে নতুন ধর্মান্তরবিরোধী আইন প্রণয়নেরও সমালোচনা করে ইউএসসিআইআরএফ। কমিশনের মতে, ভারতের ১৩টি রাজ্যে কার্যকর এ ধরনের আইন ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে মুসলিম ও খ্রিষ্টান সম্প্রদায়ের ওপর অসমভাবে প্রভাব ফেলছে। ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতির উন্নতির সঙ্গে ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক যুক্ত করারও আহ্বান জানিয়েছে সংস্থাটি।







