খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সময় বাড়িতে অবস্থান করছিলেন তার বাবা-মা। তবে স্থানীয়দের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান তারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম নিজেই এ ঘটনার কথা জানান।
সাদিক কায়েমের বাবা মোহাম্মদ আবুল কাশেম জানান, রাত ৩টার পর হঠাৎ ঘরের দরজা ও দেয়ালের পাশে বিকট শব্দ শুনতে পান তারা। ঘুম থেকে উঠে চারপাশে আগুন জ্বলতে দেখেন। পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু বলেন, রাত ৩টার পর নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন দেশের অন্যান্য স্থানের মতো খাগড়াছড়িতেও অগ্নিসংযোগের চেষ্টা করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাড়ির দেয়ালে আগুন দেওয়ার চেষ্টা করা হলেও দ্রুত তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।







