ডেটিং অ্যাপে পরিচয়ের সূত্র ধরে দেখা করতে গিয়ে রাজধানীর মিরপুরে একটি প্রতারক চক্রের ফাঁদে পড়ে চার দিন জিম্মি ছিলেন এক ফ্রিল্যান্সার। মারধর ও ভয়ভীতি দেখিয়ে তাঁর বিভিন্ন ব্যাংক ও মোবাইল ব্যাংকিং হিসাব থেকে প্রায় আট লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি। পরে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মিরপুর বিভাগের অভিযানে ভুক্তভোগী উদ্ধার হন এবং চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগী তৌহিদ হোসেন (ছদ্মনাম) পেশায় একজন ফ্রিল্যান্সার। ডিবি ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৮ নভেম্বর ‘কিউকে’ ও ‘হি–সে’ নামের দুটি ডেটিং অ্যাপের মাধ্যমে ‘রকি’ নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর পরিচয় হয়। পরদিন সকাল সাড়ে ১০টার দিকে দেখা করার কথা বলে তাঁকে রাজধানীর শহীদ পুলিশ স্মৃতি কলেজের সামনে ডেকে নেওয়া হয়। সেখান থেকে কৌশলে তাঁকে কাছাকাছি একটি বাসায় নিয়ে যাওয়া হয়। বাসায় প্রবেশের পরপরই আগে থেকে ওত পেতে থাকা রকি, রনি, আসিফসহ আরও কয়েকজন মিলে তাঁকে আটকে ফেলে এবং মারধর শুরু করে।
ধাপে ধাপে অর্থ আত্মসাৎ ও মুক্তিপণ দাবি
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জিম্মি করার পর চক্রের সদস্যরা তৌহিদ হোসেনের মুঠোফোন ছিনিয়ে নেয় এবং বিকাশ, নগদ ও বিভিন্ন ব্যাংকের অ্যাপ পরীক্ষা করে অর্থের খোঁজ নেয়। ফ্রিল্যান্সিংয়ের আয়ের কারণে তাঁর একাধিক ব্যাংক হিসাবে ৪০ থেকে ৫০ হাজার টাকা করে জমা ছিল। সামাজিক সম্মান ও পরিবারকে না জানানোর শর্তে মারধরের মুখে তিনি ব্যাংক অ্যাপের পিন নম্বর দিয়ে দেন।
পরবর্তী চার দিনে প্রতারকেরা তাঁর বিভিন্ন ব্যাংক হিসাব থেকে টাকা সরিয়ে একাধিক বিকাশ অ্যাকাউন্টে স্থানান্তর করে এবং এজেন্টের মাধ্যমে ছোট ছোট অঙ্কে প্রায় আট লাখ টাকা ক্যাশআউট করে নেয়। সব টাকা হাতিয়ে নেওয়ার পর চক্রটি ভুক্তভোগীর স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে আরও মুক্তিপণ দাবি করে। পরে তাঁর স্ত্রী বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান। তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে ১৩ নভেম্বর দুপুরে অভিযান চালিয়ে তৌহিদ হোসেনকে উদ্ধার করে ডিবি। এ ঘটনায় কাফরুল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার ও চক্রের কৌশল
অভিযানে প্রতারক চক্রের তিন সদস্য—মো. আসিফ (২৭), মো. আলী (২১) ও রনক হোসেনকে (১৮) গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে হাতিয়ে নেওয়া অর্থের মধ্যে ১ লাখ ৮০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। তবে চক্রের মূল হোতা রকি ও রনি পলাতক রয়েছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চক্রটি দীর্ঘদিন ধরে ডেটিং অ্যাপে ভুয়া অ্যাকাউন্ট খুলে মানুষকে ফাঁদে ফেলে টাকা আদায় করে আসছিল, যা তাদের ভাষায় ‘মুরগি ধরা’ নামে পরিচিত। নারী ও পুরুষ উভয় সদস্যের সমন্বয়ে গঠিত এই চক্রটি এর আগেও একই কৌশলে আরও চারটি ঘটনায় প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।
পুলিশের বক্তব্য
ডিবি মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ রাকিব খাঁন জানান, ডেটিং অ্যাপ ব্যবহারের প্রবণতা বাড়ার সুযোগ নিচ্ছে এই প্রতারক চক্র। বিশেষ করে সমলিঙ্গের প্রতি আকর্ষণ রয়েছে এমন ব্যক্তিরা এসব অ্যাপে বেশি যুক্ত হচ্ছেন এবং প্রতারিত হওয়ার পর সামাজিক লজ্জার ভয়ে বিষয়টি গোপন রাখেন। এই সুযোগেই চক্রটি বারবার অপরাধ করার সাহস পাচ্ছে। পলাতক মূল হোতাদের গ্রেপ্তার এবং বাকি টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।







