রাজধানীর মতিঝিল থেকে খুলনা মহানগর যুবলীগের সাবেক সহ-সভাপতি ও খুলনা সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী তালাত হোসেন কাহুটকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) রাত ১২টার দিকে মতিঝিল থানাধীন এজিবি কলোনির হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী কাজী তালাত হোসেন কাহুটকে আটক করেন। এ সময় তাকে মারধর করা হয় বলেও অভিযোগ রয়েছে। পরে তাকে মতিঝিল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, কাজী তালাত হোসেনের বাড়ি খুলনার খালিশপুর হাউজিং এস্টেটের নয়াবাটি এলাকায়। তিনি খুলনা মহানগর যুবলীগের সাবেক সহ-সভাপতি এবং খুলনা সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, গ্রেফতারের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।







