জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, একজন মুসলমান পৃথিবীর যেখানেই বসবাস করুন না কেন, সব পরিস্থিতিতে তাঁর ইমান ও ইসলামী মূল্যবোধ অটুট রাখতে হবে। একই সঙ্গে বসবাসরত দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি প্রবাসে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতা নিজ দেশের কল্যাণেও কাজে লাগাতে হবে।
শনিবার বিকেলে অস্ট্রেলিয়ায় বসবাসরত ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত ‘রাষ্ট্র সংস্কারে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, প্রবাসীরা যেন শুধু নিজেদের কর্মজীবন ও ব্যক্তিগত সাফল্যের মধ্যে সীমাবদ্ধ না থাকেন। অর্জিত দক্ষতা ও অভিজ্ঞতা দেশের কল্যাণে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। বিশেষ করে রাষ্ট্র সংস্কার, শিক্ষা, প্রযুক্তি, উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ রয়েছে।
তিনি আরও বলেন, বিদেশে অবস্থান করলেও দেশের প্রতি দায়িত্ববোধ ও ভালোবাসা অটুট রাখতে হবে। পেশাগত দক্ষতা, সততা ও যোগ্যতার মাধ্যমে বিদেশের মাটিতে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে হবে। পাশাপাশি দেশের মানুষের কল্যাণ ও রাষ্ট্রের উন্নয়নে নিজেদের সামর্থ্য অনুযায়ী ভূমিকা রাখতে হবে।
সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এসএম খালিদুজ্জামান। এ ছাড়া অস্ট্রেলিয়ায় বসবাসরত সাবেক ছাত্রনেতা ও প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের সঙ্গে মতবিনিময়
এদিকে শনিবার দুপুরে সিডনির চুল্লোরাতে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিল আয়োজিত মতবিনিময় সভা ও মধ্যাহ্নভোজে অংশ নেন ডা. শফিকুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিভিন্ন মুসলিম কমিউনিটিকে একই ছাতার নিচে ঐক্যবদ্ধ করে সমাজের কল্যাণে কাজ করার জন্য ইমাম কাউন্সিলের প্রতি তিনি কৃতজ্ঞ। তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে অস্ট্রেলিয়ার মূলধারার সমাজে মুসলিম কমিউনিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় মুসলিম কমিউনিটির ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের প্রতি আহ্বান জানান জামায়াত আমির।







