ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর সাথে গোপন যোগসাজশে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুবর্ণা শিকদার ঠাকুর জড়িত রয়েছেন বলে রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুরুতর অভিযোগ উঠেছে। গোপালগঞ্জে সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতায় তৃণমূলের বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে ব্যাপক হামলা হলেও তাঁর সম্পূর্ণ নীরব ভূমিকা এই সন্দেহ ও আলোচনাকে আরও উসকে দিয়েছে।
তথ্যসূত্র অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদের এই নারী সদস্য অতীতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। চলতি বছরের এপ্রিলে বিএনপির শীর্ষ নেতৃত্বের মনোনয়নে সংরক্ষিত মহিলা আসন-২০ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তবে এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে ঘোষিত কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের কমিটিতে তাঁর নাম অন্তর্ভুক্ত থাকা নিয়ে মনোনয়ন পাওয়ার পরপরই তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জে সাম্প্রতিক অস্থিরতায় বিএনপির সাধারণ নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও সুবর্ণা ঠাকুরের বাড়িতে এখন পর্যন্ত কোনো হামলার ঘটনা ঘটেনি। এমনকি জেলার অন্য তিন নির্বাচিত সংসদ সদস্যের বাড়িঘর এবং একটি হাসপাতালে হামলার ঘটনায়ও তিনি কোনো ধরনের প্রতিবাদ জানাননি বা প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
সুবর্ণা শিকদার ঠাকুরের পৈতৃক নিবাস গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শ্রীধাম ওড়াকান্দিতে এবং তিনি হিন্দু মতুয়া সম্প্রদায়ের প্রভাবশালী হরিচাঁদ ঠাকুর পরিবারের সদস্য। তাঁর পরিবারের অনেক সদস্য ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষক ও বিভিন্ন মহলের দাবি, সীমান্তের ওপারের রাজনৈতিক যোগাযোগ এবং ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথে সখ্যের কারণেই নিজ দলের নেতাকর্মীরা আক্রান্ত হওয়ার পরও সুবর্ণা ঠাকুর রহস্যজনকভাবে নীরব রয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে সুবর্ণা শিকদার ঠাকুর কিংবা বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।







