স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আগামী ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত টানা তিন দিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, তিন দিনে মোট ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশন। আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর এসব বৈঠক অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যেসব রাজনৈতিক দলের সঙ্গে ইসি সংলাপ করেছিল, সেসব দলের পাশাপাশি নতুন চারটি দলকেও আলোচনায় আমন্ত্রণ জানানো হবে।
নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী, পাঁচ ধাপে দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে।
ইসির রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।







