সন্তান মহান আল্লাহর পক্ষ থেকে বাবা-মায়ের জন্য এক অমূল্য নিয়ামত এবং একই সঙ্গে এক গুরুদায়িত্বপূর্ণ আমানত। এই আমানতের সঠিক রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠু পরিচর্যা করা বাবা-মায়ের অন্যতম প্রধান কর্তব্য। এ বিষয়ে পরকালে মহান আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে।’ (সহিহ্ বুখারি : ৮৯৩; সহিহ্ মুসলিম : ১৮২৯)। এই দায়িত্ববোধ থেকেই প্রতিটি সন্তানকে যোগ্য ও নৈতিকভাবে গড়ে তোলা বাবা-মায়ের অপরিহার্য দায়িত্ব। প্রতিটি শিশু ফিতরাত বা স্বভাবধর্মের ওপর জন্মগ্রহণ করে; পরবর্তী সময়ে বাবা-মায়ের পরিবেশ ও দিকনির্দেশনাই তাকে সঠিক বা ভুল পথে পরিচালিত করে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রত্যেক নবজাতকই ফিতরাতের ওপর জন্মগ্রহণ করে। অতঃপর তার বাবা-মা তাকে ইহুদি, খ্রিষ্টান অথবা অগ্নিপূজক বানায়।’ (সহিহ্ বুখারি : ১৩৮৫)। তাই আদর্শ ও নৈতিকতাসম্পন্ন প্রজন্ম গঠনে বাবা-মায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাওহিদের শিক্ষাদান
আদর্শ সন্তান গঠনের প্রথম ও প্রধান ভিত্তি হলো তাকে আল্লাহর একত্ববাদ ও তাওহিদের শিক্ষা দেওয়া। সন্তান যখন কথা বলতে শেখে, তখন থেকেই তার মনে আল্লাহর পরিচয়, ভালোবাসা ও ভয়ের অনুভূতি জাগ্রত করা জরুরি। এ ক্ষেত্রে লোকমান (আ.) তাঁর সন্তানকে যে দিকনির্দেশনা দিয়েছিলেন, তা প্রত্যেক বাবা-মায়ের জন্য অনুসরণীয় দৃষ্টান্ত। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, স্মরণ করো, যখন লোকমান তার পুত্রকে উপদেশ দিতে গিয়ে বলেছিল, ‘হে বৎস! আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না। নিশ্চয়ই শিরক মহাজুলুম।’ (সুরা লোকমান : ১৩)। শৈশব থেকেই সন্তানের অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা ও ভয় গেঁথে দিতে পারলে বড় হয়ে সে যেকোনো অন্যায় ও পাপাচার থেকে নিজেকে সংযত রাখতে পারবে।
ইবাদতে অভ্যস্ত ও দ্বীনি শিক্ষা দেওয়া
সন্তানকে কেবল জাগতিক শিক্ষায় শিক্ষিত করাই যথেষ্ট নয়; শৈশব থেকেই তাকে ইসলামের মৌলিক জ্ঞান অর্জন এবং ইবাদতে অভ্যস্ত করে তুলতে হবে। বিশেষ করে নামাজের বিষয়ে বাবা-মাকে অধিক যত্নশীল হতে হবে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা তোমাদের সন্তানদের সাত বছর বয়সে নামাজের নির্দেশ দাও এবং ১০ বছর বয়সে নামাজ না পড়লে তাদের শাসন করো; আর তাদের বিছানা পৃথক করে দাও।’ (সুনানে আবু দাউদ : ৪৯৫)। এর পাশাপাশি সন্তানকে শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত, হাদিস ও ইসলামের মৌলিক বিধিবিধান শেখাতে হবে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘ইলম অর্জন করা প্রত্যেক মুসলিমের ওপর ফরজ।’ (সুনানে ইবনে মাজাহ : ২২৪)।
উত্তম চরিত্র ও নৈতিকতার শিক্ষা
সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়তে হলে বাবা-মাকেই প্রথমে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। কারণ, বাবা-মায়ের আচার-আচরণ, কথা ও কর্মপদ্ধতি দেখেই সন্তান জীবনের প্রাথমিক শিক্ষা নেয়। তাই সত্যবাদিতা, আমানতদারি, হালাল-হারামের বিধান মেনে চলা এবং প্রতিবেশীর অধিকার আদায়সহ সৎ গুণাবলি অর্জনের শিক্ষা দিতে হবে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কোনো বাবা তার সন্তানকে উত্তম শিষ্টাচারের চেয়ে শ্রেষ্ঠ কোনো উপহার দিতে পারে না।’ (জামে তিরমিজি : ১৯৫২)। বাবা-মা নিজেরা মন্দ কাজ পরিহার করে সৎ চরিত্রের চর্চা করলে সন্তানরাও স্বাভাবিকভাবেই সেসব গুণে উদ্বুদ্ধ হবে।
অসৎ সঙ্গ থেকে রক্ষা করা
সন্তান যাতে অসৎ সঙ্গের সঙ্গে জড়িয়ে না পড়ে, সে বিষয়ে বাবা-মাকে সচেতন থাকতে হবে। সন্তান কার সঙ্গে মিশছে এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার কীভাবে করছে, সেদিকে বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। অসৎ সঙ্গ মুহূর্তেই দীর্ঘদিনের লালিত আদর্শ ও মূল্যবোধ নষ্ট করে দিতে পারে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মানুষ তার বন্ধুর আদর্শের অনুসারী হয়। সুতরাং তোমাদের প্রত্যেকের উচিত, সে কার সঙ্গে বন্ধুত্ব করছে তা বিবেচনা করা।’ (সুনানে আবু দাউদ : ৪৮৩৩)।
উপযুক্ত বয়সে বিয়ে দেওয়া
সন্তান প্রাপ্তবয়স্ক ও বিয়ের উপযুক্ত হলে তার পবিত্রতা ও চারিত্রিক সুরক্ষার জন্য বিয়ের ব্যবস্থা করা বাবা-মায়ের অন্যতম দায়িত্ব। বর্তমান সময়ের ফিতনা ও নৈতিক অবক্ষয়ের প্রেক্ষাপটে বিয়ে অযথা বিলম্বিত করলে সন্তান বিপথগামী হওয়ার ঝুঁকি তৈরি হয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যার সন্তান জন্মগ্রহণ করে, সে যেন তার সুন্দর নাম রাখে এবং তাকে শিক্ষা ও আদব প্রদান করে। অতঃপর সন্তান যখন বালেগ হয়, তখন তার বিয়ের ব্যবস্থা করে। আর বালেগ হওয়ার পরও যদি তার বিয়ের ব্যবস্থা না করে এবং সন্তান কোনো গুনাহে লিপ্ত হয়, তাহলে তার গুনাহের একটি অংশ বাবা-মায়ের ওপর বর্তাবে।’ (শুআবুল ইমান, বায়হাকি : ৮৬৫১)।
আদর্শ সন্তান গঠন কোনো স্বল্পমেয়াদি বা এক দিনের বিষয় নয়; বরং এটি দীর্ঘমেয়াদি সাধনা, ধৈর্য ও ত্যাগের ফল। বাবা-মা যদি সন্তানকে নেককার ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন, তবে সেই সন্তান দুনিয়ায় যেমন তাদের সম্মান ও মুখ উজ্জ্বল করবে, তেমনি মৃত্যুর পরও সদকায়ে জারিয়া হিসেবে পরকালে নাজাতের অসিলা হবে।







