ন্যানোটেকনোলজি ও বায়োইঞ্জিনিয়ারিংয়ে অসামান্য অবদানের জন্য বিশ্বজুড়ে পরিচিত অধ্যাপক জ্যাকি ই-রু ইং। তাইওয়ানে জন্ম নেওয়া এই বিজ্ঞানী গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন। তবে তার জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো ইসলাম গ্রহণ। ৩৫ বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেন। শৈশব থেকেই জীবন, জগৎ এবং মানুষের অস্তিত্বের উদ্দেশ্য নিয়ে নানা প্রশ্ন তাকে ভাবিয়ে তুলত। সেই অনুসন্ধিৎসা থেকেই ধর্ম ও ইসলাম সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয় তার।
১৯৬৬ সালে তাইওয়ানের রাজধানী তাইপেতে জন্মগ্রহণ করেন জ্যাকি ইং। সাত বছর বয়সে পরিবারের সঙ্গে সিঙ্গাপুরে পাড়ি জমান তিনি। তার বাবা-মা সন্তানদের ধর্মীয় শিক্ষার বিষয়ে সচেতন ছিলেন। ফলে শৈশবে সানডে স্কুল ও খ্রিষ্টান কিন্ডারগার্টেনে পড়াশোনার সুযোগ পান তিনি।
সিঙ্গাপুরে স্কুলজীবনে মুসলিম সহপাঠীদের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে ওঠে জ্যাকি ইংয়ের। তাদের জীবনযাপন, ধর্মীয় বিশ্বাস ও আচার-অনুষ্ঠান সম্পর্কে জানতে গিয়ে ইসলামের প্রতি আগ্রহ জন্মায় তার। পরবর্তী সময়ে ইসলাম নিয়ে পড়াশোনা ও অনুসন্ধান শুরু করেন। একপর্যায়ে ইসলামের শিক্ষা ও আদর্শের সঙ্গে গভীর আত্মিক সংযোগ অনুভব করেন তিনি। অবশেষে ৩৫ বছর বয়সে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন এই বিজ্ঞানী।
এক সাক্ষাৎকারে পবিত্র কোরআন সম্পর্কে নিজের উপলব্ধি তুলে ধরেন জ্যাকি ইং। তার মতে, কোরআন একটি অসাধারণ গ্রন্থ, যেখানে মানবজীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। ধর্মীয় অনুশীলনের তাৎপর্য, মানুষের সমতা এবং পারস্পরিক বোঝাপড়ার বিষয়েও এতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা রয়েছে।
জ্যাকি ইং জানান, ছোটবেলা থেকেই জীবনের অর্থ ও উদ্দেশ্য খুঁজে বের করার প্রতি তার বিশেষ আগ্রহ ছিল। ধর্ম সম্পর্কে জানার আকাঙ্ক্ষা থেকে শুরু হওয়া সেই অনুসন্ধান শেষ পর্যন্ত ইসলাম গ্রহণের মধ্য দিয়ে তার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ে পরিণত হয়।
শুধু ধর্মীয় জীবনেই নয়, বিজ্ঞানের ক্ষেত্রেও জ্যাকি ইংয়ের সাফল্য অত্যন্ত উল্লেখযোগ্য। ১৯৯১ সালে যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। পরের বছরই যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) যোগ দেন।
২০০১ সালে মাত্র ৩৫ বছর বয়সে এমআইটির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পূর্ণ অধ্যাপক হিসেবে নিয়োগ পান তিনি। এরপর ২০০৩ সালে সিঙ্গাপুরে ফিরে প্রতিষ্ঠা করেন ইনস্টিটিউট অব বায়োইঞ্জিনিয়ারিং অ্যান্ড ন্যানোটেকনোলজি। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটির নেতৃত্বও দেন তিনি।
ন্যানোটেকনোলজি ও বায়োইঞ্জিনিয়ারিংয়ে তার গবেষণা, অসংখ্য বৈজ্ঞানিক প্রকাশনা এবং আন্তর্জাতিক পুরস্কার তাকে বিশ্ববিজ্ঞানের অঙ্গনে বিশেষ পরিচিতি এনে দিয়েছে। বিজ্ঞানচর্চায় অসামান্য অবদানের পাশাপাশি সত্য ও জীবনের উদ্দেশ্য অনুসন্ধানের ব্যক্তিগত যাত্রাও তার জীবনকে ভিন্ন মাত্রা দিয়েছে।
সূত্র: হুমানিস্তান







