পৃথিবীর বাইরে মহাকাশে ডেটা সেন্টার নির্মাণের পরিকল্পনায় আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের ফেডারেল যোগাযোগ কমিশন (এফসিসি) তাঁর প্রতিষ্ঠান স্পেসএক্সের মহাকাশভিত্তিক ডেটা সেন্টার নেটওয়ার্ক প্রকল্প ‘স্টারমাইন্ড’ পরিচালনার অনুমতি দিয়েছে।
এ বিষয়ে ফেডারেল যোগাযোগ কমিশনের চেয়ারম্যান ব্রেন্ডন কার জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব ধরে রাখতে বিপুল পরিমাণ তথ্য আদান-প্রদানের সক্ষমতা প্রয়োজন। তাঁর মতে, মহাকাশ প্রযুক্তি ও উন্নত প্রযুক্তির সমন্বয়ে গড়ে ওঠা এই প্রকল্প যুক্তরাষ্ট্রের সামগ্রিক সক্ষমতা আরও বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা অনুযায়ী, মহাকাশে স্থাপিত এসব ডেটা সেন্টার পরিচালনার জন্য শক্তির উৎস হিসেবে সৌরশক্তি ব্যবহার করা হবে। এর ফলে পৃথিবীর প্রচলিত বিদ্যুৎ ও শীতলীকরণ ব্যবস্থার ওপর চাপ কমার পাশাপাশি মহাকাশেই উচ্চগতির ডেটা প্রক্রিয়াকরণের সুযোগ তৈরি হবে।
মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর তথ্য অনুযায়ী, অনুমোদন পাওয়া পরিকল্পনার আওতায় আগামী ২০৩৩ সালের ২৫ নভেম্বরের মধ্যে পৃথিবীর কক্ষপথে প্রথম ডেটা সেন্টার স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মহাকাশে ডেটা সেন্টার নির্মাণের এই ধারণার প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছিলেন। নতুন এই অনুমোদনের মাধ্যমে মহাকাশভিত্তিক তথ্যপ্রযুক্তি অবকাঠামো নির্মাণে বড় এক ধাপ এগিয়ে গেল স্পেসএক্স।







