গোপালগঞ্জ জেলাকে ইঙ্গিত করে সেখানে জনগণের জানমালের নিরাপত্তায় সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা দেখা যায়নি বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সঙ্গে কোনো একটি জেলাকে স্বাধীন ঘোষণা করাকে তিনি স্পষ্ট রাষ্ট্রদ্রোহিতা হিসেবে অভিহিত করেছেন।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে দলের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুলাই সনদ ও সংবিধান সংস্কার প্রসঙ্গ
জামায়াত আমির মন্তব্য করেন, জনগণের গণভোটের রায় এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়ন উপেক্ষা করে সরকার পরিচালনা করা হলে তা ভঙ্গুর ও ক্ষণস্থায়ী হবে। এর ফলে দেশ উপকৃত হবে না, বরং অতীতের ফ্যাসিবাদীরা আবারও সুযোগ পাবে। সরকারের উদ্দেশে তিনি বলেন, “সমস্যা আপনারা তৈরি করেছেন, সমাধানও আপনাকেই খুঁজে বের করতে হবে। জনগণের গণরায় বাস্তবায়ন করুন; তাহলে ২০২৪ সালের মতো নতুন করে ঐক্যের প্রক্রিয়া শুরু করার প্রয়োজন হবে না, এর ওপর ভিত্তি করেই জাতীয় ঐক্য গড়ে উঠবে।”
বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন, সরকার জুলাইয়ের অঙ্গীকার পাশ কাটিয়ে সংবিধান সংস্কারের বদলে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন করেছে। জাতীয় ঐকমত্য কমিশনে সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অবশ্যই মানতে হবে উল্লেখ করে তিনি জানান, কোনো কিছুর বিনিময়েই জামায়াত তাদের অবস্থান পরিবর্তন করবে না। প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বান প্রসঙ্গে তিনি বলেন, “আমরা আলোচনায় বসব, তবে দলের দাবি নিয়ে নয়, জনগণের দাবি নিয়ে।”
বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি
বর্তমান সরকার ক্ষমতায় এসে স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার পথ রুদ্ধ করে জাতির সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ করেন শফিকুর রহমান। তিনি ব্যাখ্যা করে বলেন, সংবিধান সংস্কারের মাধ্যমে আনা পরিবর্তনে আদালত হস্তক্ষেপ করতে পারে না, কিন্তু সংশোধনীর মাধ্যমে পরিবর্তন আনলে সেখানে আদালতের হস্তক্ষেপের সুযোগ থাকে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে দাবি করে জামায়াত আমির বলেন, “নারী, শিশু ও মা-বোনেরা আজ নিরাপদ নন। সারা দেশ মাদকে সয়লাব হয়ে গেছে, এমনকি স্কুলের গেটে ও ভেতরেও মাদক বিক্রি হচ্ছে। অবৈধ অস্ত্রের ঝনঝনানিতে পুরো দেশ অস্থির।”
পোশাক শিল্প নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ
পোশাক খাতের বর্তমান অস্থিরতা প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, এই শিল্পকে ধ্বংস করে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় শ্রমিকেরা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন উল্লেখ করে তিনি সরকার ও শিল্প মালিকদের প্রতি এর স্থায়ী সমাধানের আহ্বান জানান। তিনি বলেন, “শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, আর শিল্প বাঁচলে দেশ বাঁচবে।”
এ সময় প্রতিবেশী দেশগুলোর সংবাদমাধ্যমের সমালোচনা করে তিনি বলেন, “দুঃখজনকভাবে প্রতিবেশী দেশগুলোর গণমাধ্যমে বাংলাদেশের পোশাক শিল্প নিয়ে নেতিবাচক ও ধ্বংসাত্মক প্রচারণা চালানো হচ্ছে। বলা হচ্ছে এই শিল্প আর টিকবে না। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, এই শিল্প ধ্বংসের নেপথ্যে তাদেরও কোনো হাত আছে কি না?”







