নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সামসুল হককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপ-সচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অধ্যক্ষ সামসুল হককে নওগাঁ সরকারি কলেজ থেকে অপসারণ করে ওএসডি হিসেবে মাউশি, ঢাকা-তে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি তাঁকে সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজে পদায়ন করা হয়েছে। আগামী ১৩ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ না দিলে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।
একই প্রজ্ঞাপনে বিসিএস শিক্ষা ক্যাডারের আরও ১৭ জন কর্মকর্তাকে বিভিন্ন কলেজে পদায়ন এবং ওএসডি করার সিদ্ধান্ত জানানো হয়েছে।
উল্লেখ্য, অধ্যক্ষ সামসুল হকের বিরুদ্ধে ছাত্রীদের ওড়না ছাড়া দেখতে চাওয়া, আপত্তিকর মেসেজ পাঠানো এবং কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ ওঠে। এর প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাঁর পাঠানো মেসেজগুলোর স্ক্রিনশট কলেজের প্রধান ফটকে টানিয়ে বিচার দাবি করেন।







