জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান আগামী ১৫ অক্টোবর বুধবারের পরিবর্তে ১৭ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করতে সাপ্তাহিক ছুটির দিনে এই অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠক শেষে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানান, “জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান একটি ঐতিহাসিক ঘটনা। আগ্রহী জনগণের অংশগ্রহণের সুবিধার্থে অনুষ্ঠানটি ১৭ অক্টোবর, শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।”
বৈঠকে সিদ্ধান্ত হয়, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের আমন্ত্রণ জানানো হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিশনের বৈঠকে ১৫ অক্টোবর বুধবার অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত হয়েছিল। সেই সিদ্ধান্ত পরিবর্তন করে নতুন তারিখ ১৭ অক্টোবর শুক্রবার নির্ধারণ করা হয়েছে। অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।







