বাড়িভাড়া বৃদ্ধি ও আরও দুই দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের প্রতি সংহতি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল। দলগুলোর নেতারা সরকারকে শিক্ষকদের যৌক্তিক দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
আজ সোমবার শহীদ মিনারে উপস্থিত হয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস ও ইনকিলাব মঞ্চের নেতারা শিক্ষকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
সংহতি জানাতে গিয়ে জামায়াতে ইসলামী নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “অল্প বেতনে শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছেন। প্রধান উপদেষ্টার দায়িত্ব হবে শিক্ষকদের ক্লাসে ফেরার ব্যবস্থা করা। সময় থাকতে সরকারকে পদক্ষেপ নিতে হবে, কারণ আসন্ন নির্বাচনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।” তিনি আরও বলেন, “পুলিশ দিয়ে শিক্ষকদের আন্দোলন দমন করা অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য।”
খেলাফত মজলিসের নায়েবে আমির সাখাওয়াত হোসাইন রাজী বলেন, “শিক্ষকদের দাবি সম্পূর্ণ যৌক্তিক। সরকারের উচিত আলোচনা করে তা বাস্তবায়ন করা। লাঠিপেটা করে আন্দোলন দমন কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।”
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি বলেন, “দেশের সবচেয়ে বেশি মানবেতর জীবনযাপন করেন শিক্ষকরা। প্রতিনিয়ত তারা হয়রানির শিকার হন। মুখে মুখে শিক্ষকদের সম্মান দেওয়া হলেও বাস্তবে তার প্রতিফলন নেই। আমরা শিক্ষকদের দাবির সঙ্গে সম্পূর্ণ একাত্মতা জানাচ্ছি।”







