জাতিসংঘের কঙ্গো (ডিআর কঙ্গো) শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশ পুলিশের অবশিষ্ট কনটিনজেন্ট প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। শান্তিরক্ষা মিশনগুলোতে চলমান অর্থ সংকটের কারণে সদস্যসংখ্যা কমানোর সিদ্ধান্তের অংশ হিসেবে এই নির্দেশ এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সম্প্রতি জাতিসংঘ বাংলাদেশ পুলিশের ১৮০ সদস্যের একটি কনটিনজেন্টকে কঙ্গো থেকে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে। তাদের মধ্যে প্রায় ৭০ জন নারী পুলিশ কর্মকর্তা রয়েছেন। জানা গেছে, নভেম্বরের মধ্যেই তারা দেশে ফিরে আসবেন। অথচ মাত্র দুই মাস আগেই ওই দলটি মিশনে যোগ দিয়েছিলেন।
এক পুলিশ কর্মকর্তা বলেন, “আমাদের ইউনিট কমান্ডারকে মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত চিঠি দেওয়া হয়নি।”
পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) শাহাদত হোসেন এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
অন্যদিকে, পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা দৈনিক যুগান্তর-কে জানান, “বিষয়টি পুনর্বিবেচনার জন্য ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে। তবে এ সংক্রান্ত সব কাজ করে পররাষ্ট্র মন্ত্রণালয়; পুলিশের এখতিয়ারে নয়।”
জাতিসংঘের কঙ্গো শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের সদস্যরা দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে বিভিন্ন সময়ে বাংলাদেশি কনটিনজেন্ট তাদের পেশাদারিত্ব ও দক্ষতার কারণে আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে।
তবে সম্প্রতি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাজেট সংকট দেখা দেওয়ায় কয়েকটি মিশনে কর্মীসংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। কঙ্গো থেকে বাংলাদেশ পুলিশের প্রত্যাহার সেই সিদ্ধান্তেরই অংশ বলে জানা গেছে।







