প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন বলেছেন, আসন্ন নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার রোধে নির্বাচন কমিশন দীর্ঘদিন ধরে কাজ করছে। তিনি বলেন, ভোটের সময় অপতথ্য ও বিভ্রান্তি ছড়ানো ঠেকাতে সবাইকে সচেতন ও সোচ্চার থাকতে হবে।
মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন সিইসি।
নাসির উদ্দিন জানান, এআইয়ের অপব্যবহার মোকাবিলায় কমিশন একটি সেন্ট্রাল সেল গঠনের পরিকল্পনা করছে। এই সেলের মাধ্যমে অপতথ্য শনাক্ত ও প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সিইসি আরও বলেন, “নির্বাচনকালীন সময়ে প্রযুক্তির অপব্যবহার একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই আমরা চাই, এআইসহ সব ধরনের ডিজিটাল প্রযুক্তি যেন ইতিবাচকভাবে ব্যবহৃত হয়, অপতথ্যের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা না হয়।”
