ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সবার জন্য নিরাপদ রাখতে ঐক্যবদ্ধ সহযোগিতার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) নেতা শেখ তানভির বারী হামিম। রবিবার তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।
পোস্টে হামিম বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সকলের জন্য নিরাপদ করতে ঐক্যবদ্ধ সহযোগিতা আবশ্যক। দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে বহিরাগতদের অবস্থান বদলাতে হলে ‘র্যাডিক্যাল’ হতে হবে; ভালো কথায় এ উচ্ছেদ সম্ভব নয়। তবে দোকানদারদের উচ্ছেদের আগে ভাসমানদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রাধান্য দেওয়া উচিত ছিল।”
তিনি আরও লেখেন, “আমি সকল শিক্ষার্থী ভাইবোনদের অনুরোধ করবো, রাজনৈতিক স্বার্থ না দেখে আমরা যদি ক্যাম্পাসের স্বার্থকে প্রাধান্য দিই, তাহলে অনেক সমস্যার সমাধান সহজেই আসবে। কিন্তু সমস্যা সমাধানের মধ্যে বাম–ডান–মধ্যম ট্যাগমাটাইজেশন করতে গেলে সংকট আরও প্রগাঢ় হবে।”
তার মতে, ক্যাম্পাসের বর্তমান সমস্যা প্রশাসন, ডাকসু, বামপন্থী সংগঠন বা শিক্ষার্থীদের কারও একার বিষয় নয়; বরং এটি সকলের সম্মিলিত দায়িত্ব। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও এগিয়ে আসতে হবে অনৈক্য ও সংকট মোকাবিলা করে শিক্ষার্থীদের কল্যাণকে প্রাধান্য দিতে এবং তা বাস্তবায়নে।”
পোস্টের শেষাংশে তিনি আরও উল্লেখ করেন, “আমি ক্যাম্পাসে ভাসমান উচ্ছেদের পক্ষে, তবে স্থায়ী সমস্যা সমাধানের জন্য ঐক্যবদ্ধ আলোচনার প্রয়োজন রয়েছে।”
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, ডাকসু প্রতিনিধি, সিটি কর্পোরেশন ও মেট্রোরেল কর্তৃপক্ষ যৌথভাবে ক্যাম্পাসে ভ্রাম্যমাণ দোকান ও ভবঘুরে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। এই অভিযানকে ঘিরে হকার ও বামপন্থি ছাত্র সংগঠনগুলো বিক্ষোভে নামে, যার পরিপ্রেক্ষিতেই শেখ তানভির বারী হামিমের এই আহ্বান এসেছে।
