নাইজার ও তুরস্কের মধ্যে সামরিক সম্পর্ক আরও জোরদার হচ্ছে। নাইজারের প্রতিরক্ষামন্ত্রী সালিফু মোডি রাজধানী নাইমেতে তুরস্কের রাষ্ট্রদূত ওজগুর চিনারের সঙ্গে এক বৈঠকে বসেছেন, যেখানে দুই দেশের দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে উভয় দেশের জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা পারস্পরিক স্বার্থে প্রতিরক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি স্থানান্তর এবং সামরিক সরঞ্জাম সরবরাহের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
নাইজার ও তুরস্কের সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে ক্রমেই ঘনিষ্ঠ হয়েছে। বিশেষ করে পশ্চিম আফ্রিকায় নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমে সহযোগিতার বিষয়ে তুরস্কের আগ্রহ বেড়েছে। তুরস্ক ইতিমধ্যে নাইজারসহ সাহেল অঞ্চলের দেশগুলোকে সামরিক প্রশিক্ষণ, ড্রোন প্রযুক্তি ও প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহে সহায়তা দিচ্ছে।
বৈঠক শেষে উভয় পক্ষ সামরিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং আফ্রিকা মহাদেশে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় যৌথভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
