জুলাই বিপ্লবে ক্ষমতাচ্যুত হয়ে দিল্লিতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সুযোগ করে দেওয়ায় বাংলাদেশের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। ঢাকার পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের পদক্ষেপ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য একেবারেই অনুকূল নয়।
বাংলাদেশ সরকার জানিয়েছে, একজন অভিযুক্ত ও পলাতক ব্যক্তিকে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া অনৈতিক এবং কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থি। তাই অবিলম্বে ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার উপস্থিতি বা বক্তব্য প্রচার বন্ধ করতে ভারত সরকারের প্রতি জোর দাবি জানানো হয়েছে।
বুধবার সকালে ঢাকায় ভারতীয় উপহাইকমিশনার পবন ভাদেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। সেখানে দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক বাংলাদেশের পক্ষ থেকে এই বার্তা আনুষ্ঠানিকভাবে জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। জানানো হয়, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ও বিচারাধীন এক ব্যক্তিকে ভারতীয় গণমাধ্যমে বক্তব্যের সুযোগ দেওয়া বাংলাদেশবিরোধী অপপ্রচার ও উসকানি হিসেবে বিবেচিত হচ্ছে।
ঢাকার পক্ষ থেকে আরও বলা হয়, এমন পদক্ষেপ দুই দেশের মধ্যে গঠনমূলক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের পরিবেশ ক্ষুণ্ণ করে। ভারতীয় কূটনীতিককে জানানো হয়েছে, শেখ হাসিনার গণমাধ্যমে বক্তব্য প্রচার অবিলম্বে বন্ধে নয়াদিল্লিকে বাংলাদেশের অনুরোধ পৌঁছে দিতে হবে।
