গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতা মুরাদ হোসেন (৬৫) অসুস্থ হয়ে মারা গেছেন। মঙ্গলবার বিকেল সোয়া ৩টার দিকে তিনি কারাগারের ভেতরে হঠাৎ অচেতন হয়ে পড়েন। কারা কর্তৃপক্ষ দ্রুত তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) হয়ে ঢামেক হাসপাতালে নিয়ে যায়। বিকেল সাড়ে ৪টার দিকে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। মুরাদ হোসেন মিরপুর ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ছিলেন এবং স্থানীয়ভাবে আওয়ামী লীগের একজন নেতা হিসেবে পরিচিত।
কারারক্ষী মেহেদী হাসানসহ দায়িত্বপ্রাপ্ত বেশ কয়েকজন কারারক্ষীর ভাষ্য, মুরাদ হোসেন কাশিমপুর কারাগারে তিনটি হত্যা মামলায় বিচারাধীন অবস্থায় ছিলেন। অসুস্থ হওয়ার পর তাকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হলেও বাঁচানো সম্ভব হয়নি।
মো. ফারুক জানান, মরদেহ বর্তমানে ঢামেক মর্গে রাখা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল ও ময়নাতদন্ত শেষে লাশ কারা কর্তৃপক্ষের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
