অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য নতুন ৭৬৪টি বাড়ি নির্মাণের প্রস্তাবে অনুমোদন দিয়েছে ইসরাইল সরকার।
গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির মধ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিবেদনে জানানো হয়, পশ্চিম তীরের রাজধানী রামাল্লার হাশমোনাইম এলাকায় ৪৭৮টি, বেইতার ইল্লিত এলাকায় ২৩০টি এবং গিভা’ত জে’এভ এলাকায় ৫৬টি—মোট ৭৬৪টি নতুন আবাসন নির্মাণে সরকারের অনুমোদন মিলেছে।
তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি নেতানিয়াহুর সরকার।
উল্লেখ্য, আন্তর্জাতিক আইন ও বৈশ্বিক জনমত উপেক্ষা করে ইসরাইল দীর্ঘদিন ধরে পশ্চিম তীরের দখল বাড়িয়ে আসছে। ২০২২ সালে বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতায় ফেরার পর এই কার্যক্রম আরও জোরদার হয়েছে।
ইসরাইলি গণমাধ্যমের তথ্যমতে, গত তিন বছরে পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় ৫১ হাজার ৩৭০টি নতুন বাড়ি নির্মাণে অনুমোদন দিয়েছে সরকার।
ইসরাইলি সংস্থা ‘পিস নাও’-এর মতে, পূর্ব জেরুজালেমে বর্তমানে প্রায় ২ লাখ ৫০ হাজার এবং পশ্চিম তীরে ৪ লাখ ৫০ হাজারের বেশি ইহুদি বসতি স্থাপনকারী বসবাস করছেন।







