ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি জানান, আগামী বছরের ১২ ফেব্রুয়ারি একই দিনে সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশের ওপর গণভোট অনুষ্ঠিত হবে।
সিইসি জানান, ৩০০টি আসনে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ এবং গণভোটের ব্যালট একই দিনে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। সংসদ নির্বাচনে ব্যালট ব্যবহৃত হবে সাদা-কালো, আর গণভোটের ব্যালট হবে গোলাপি রঙের।
তফসিলের মূল সূচি
- মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ: ২৯ ডিসেম্বর
- যাচাই–বাছাই: ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি
- আপিল দায়েরের শেষ দিন: ১১ জানুয়ারি
- আপিল নিষ্পত্তি: ১২–১৮ জানুয়ারি
- প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ: ২০ জানুয়ারি
- প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি
- প্রচার শুরু: ২২ জানুয়ারি
- প্রচার শেষ: ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা
সিইসি বলেন, নির্বাচনকে অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। তিনি আহ্বান জানান, গণতান্ত্রিক অগ্রযাত্রায় জাতিকে নতুন অধ্যায়ে নিয়ে যেতে সবাইকে ভূমিকা রাখতে হবে।
ভোটার সংখ্যা
এবার দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন ও নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন। চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে, তাদের নিয়েই চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করেছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।
