ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে পাকিস্তান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই নিষেধাজ্ঞা ২০২৬ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।
জিও নিউজের খবরে বলা হয়েছে, বুধবার (১৪ ডিসেম্বর) পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) এ বিষয়ে একটি নোটিশ জারি করেছে। নোটিশে উল্লেখ করা হয়, ১৬ ডিসেম্বর থেকে কার্যকর এই নিষেধাজ্ঞা সামরিক ফ্লাইটসহ সমস্ত ভারতীয় মালিকানাধীন, পরিচালিত ও ভাড়া করা বিমানের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলার পর দ্বিপাক্ষিক উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে পাকিস্তান প্রথমবারের মতো আট মাস আগে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দেয়। এর আগে নয়াদিল্লি গুরুত্বপূর্ণ সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছিল।
পাকিস্তানের এই সিদ্ধান্তের জবাবে ভারতও ৩০ এপ্রিল পাকিস্তানি বিমান সংস্থাগুলোর জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয়।
জিও নিউজ জানায়, চলতি বছরের মে মাসে পেহেলগামে হামলার পর ভারত পাকিস্তান সীমান্তের ভেতরে একাধিক শহরে হামলা চালায়। এর জবাবে পাকিস্তানের সশস্ত্র বাহিনী প্রতিশোধমূলক সামরিক অভিযান শুরু করে এবং বিভিন্ন এলাকায় একাধিক ভারতীয় সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে।
পাকিস্তান দাবি করেছে, তারা তিনটি রাফায়েলসহ সাতটি ভারতীয় যুদ্ধবিমান এবং কয়েক ডজন ড্রোন ভূপাতিত করেছে। এই দাবির সঙ্গে মিল রেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও অনুরূপ মন্তব্য করেন।
টানা ৮৭ ঘণ্টা সংঘাতের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ মে এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়।







