রাজধানীর তোপখানা রোডে উদীচী শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
আগুন লাগার পর কার্যালয়ের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
উদীচী শিল্পী গোষ্ঠীর একাংশের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন গণমাধ্যমকে জানান, আধা ঘণ্টা আগে উদীচীর কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। তিনি তখন ঘটনাস্থলের পথে ছিলেন এবং পরে বিস্তারিত জানাবেন বলে উল্লেখ করেন।
সংগঠনটির একাংশের সাংগঠনিক সম্পাদক আরিফ নূর বলেন, কার্যালয়ের ভেতরে আগুন জ্বলছে। ভেতরের একটি কক্ষেও আগুন ছড়িয়ে পড়তে দেখা গেছে। তারা সবাই বাইরে অবস্থান করছেন এবং আগুন নেভানোর চেষ্টা চলছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, তোপখানা রোডে উদীচীর কার্যালয়ে আগুনের খবর পেয়ে প্রথমে তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আরও একটি ইউনিট যোগ দেওয়া হয়েছে।
