তুরস্কের রাজধানী আঙ্কারায় লিবিয়ার সেনাবাহিনীর প্রধানকে বহনকারী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানে লিবিয়ার সেনাবাহিনীর প্রধান মুহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদসহ মোট পাঁচজন আরোহী ছিলেন।
স্থানীয় সময় আজ সন্ধ্যা ৮টা ১০ মিনিটে আঙ্কারার এসেনবোয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লিবিয়ার ত্রিপোলির উদ্দেশ্যে ফ্যালকন–৫০ মডেলের একটি বিজনেস জেট বিমান উড্ডয়ন করে। উড্ডয়নের প্রায় ৪০ থেকে ৪২ মিনিট পর বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শেষবার যোগাযোগের সময় আঙ্কারার নিকটবর্তী হায়মানা এলাকা থেকে জরুরি অবতরণের সংকেত পাঠানো হয়েছিল।
জানা গেছে, বিমানটি জরুরি পরিস্থিতির কারণে পুনরায় আঙ্কারা বিমানবন্দরে ফিরে আসার চেষ্টা করছিল। তবে বিমানবন্দরে পৌঁছানোর আগেই সেটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই তুরস্কের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপে উদ্ধার কার্যক্রম শুরু করেছে।
লিবিয়ার সেনাবাহিনীর প্রধান মুহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ তুরস্কের সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে আঙ্কারায় এসেছিলেন। বৈঠক শেষে দেশে ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।







