শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে স্পিরিটস অব জুলাই ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর যৌথ আয়োজনে গতকাল ‘কুয়াশার গান’ শীর্ষক একটি কনসার্ট অনুষ্ঠিত হয়। তবে কনসার্ট চলাকালে স্পন্সর হিসেবে যুক্ত একটি তামাক কোম্পানির ছায়া প্রতিষ্ঠান এক্স ফোর্সের উদ্যোগে স্মোক জোন স্থাপন ও বিনামূল্যে সিগারেট বিতরণের অভিযোগ ওঠায় বিতর্কের সৃষ্টি হয়।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন কনসার্ট আয়োজনের সঙ্গে সম্পৃক্ত ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। তিনি জানান, এক্স ফোর্সের সঙ্গে পূর্ব আলোচনা অনুযায়ী তারা একটি ‘এক্সপেরিয়েন্স জোন’ স্থাপন করবে, যেখানে বক্সিংসহ কয়েকটি ইভেন্ট থাকবে এবং একটি স্মোকিং জোন রাখা হবে, যাতে ধূমপানের কারণে কনসার্টে উপস্থিত অন্যদের কোনো ধরনের অসুবিধা না হয়।
মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, স্মোকিং জোনের ভেতরে শিক্ষার্থীদের বিনামূল্যে সিগারেট বিতরণ করা হবে—এ বিষয়টি তার জানা ছিল না। এ বিষয়ে তিনি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।
এদিকে, একটি সামাজিক ও মানবিক উদ্যোগের আয়োজনে তামাকপণ্য সংশ্লিষ্ট কার্যক্রম নিয়ে শিক্ষার্থী ও বিভিন্ন মহলে সমালোচনা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে আয়োজকদের পক্ষ থেকে ভবিষ্যতে আরও সতর্ক থাকার কথাও জানানো হয়েছে।







