প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া সদর আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে শহরের একতারা মোড়ে আয়োজিত সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
এরপর নেতাকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ ডা. মান্নান হার্ট অ্যান্ড জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাওলানা আবুল হাশেম পোড়াদহ ডিগ্রি কলেজের শিক্ষক ছিলেন।
কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ারদ্দার আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক জানান, আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে বিকেল সাড়ে ৩টার দিকে পৌরসভা চত্বর থেকে সদর উপজেলা জামায়াতের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একতারা মোড়ে গিয়ে শেষ হয়।
তিনি আরও জানান, সেখানে জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্যের একপর্যায়ে তিনি অসুস্থ বোধ করলে তাকে নিকটস্থ একটি হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন।
ডা. মান্নান হার্ট অ্যান্ড জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুল মোমেন জানান, হাসপাতালে আনার আগেই আমির সাহেবের মৃত্যু হয়। ফলে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
