বরগুনার আমতলীতে সিএনজি স্ট্যান্ড থেকে চাঁদাবাজির অভিযোগে পৌর শ্রমিক দলের আহ্বায়ক মিল্টন হাওলাদার (৩৫) ও লাইনম্যান সুমনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১টার দিকে আমতলী পৌর শহরের স্ট্যান্ড এলাকা থেকে তাঁদের আটক করা হয়। গ্রেপ্তার হওয়া মিল্টন হাওলাদার স্থানীয় রাজনৈতিক মহলে বেশ পরিচিত মুখ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমতলী সিএনজি স্ট্যান্ডে দীর্ঘদিন ধরে বিভিন্ন যানবাহনের চালকদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায়ের অভিযোগ ছিল তাঁদের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে হাতেনাতে চাঁদাবাজির সময় পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। এই ঘটনায় ভুক্তভোগী ও স্থানীয় চালকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু শাহাদাত হাসনাইন পারভেজ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মিল্টন ও সুমনের বিরুদ্ধে সুনির্দিষ্ট চাঁদাবাজির অভিযোগ রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হবে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
