আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) থেকে প্রচারিত এই ভাষণে তিনি শহীদদের স্বপ্ন পূরণে একটি নতুন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
তারেক রহমান তার বক্তব্যে জুলাই বিপ্লবসহ গণতান্ত্রিক আন্দোলনে আত্মত্যাগকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “আমাদের উচিত শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়া। যারা রক্ত দিয়েছেন তাদের রক্ত কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া হবে না।” তিনি দেশের মানুষকে ঐক্যবদ্ধ থেকে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের ভোটাধিকার পুনরুদ্ধারের আহ্বান জানান।
এর আগে গত রোববার বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের এই ভাষণের সুযোগ করে দিচ্ছে নির্বাচন কমিশন ও বিটিভি।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। এছাড়া হিজড়া বা তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।
আগামী বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারম্যান তার ভাষণে দেশের প্রতিটি নাগরিককে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করার মাধ্যমে পরিবর্তনের সূচনা করার অনুরোধ জানান।







