সাভারে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক গালিব ইমতিয়াজ নাহিদসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোরে সাভারের চাপাইন রোডের তালতলা এলাকায় এই অভিযান চালানো হয় বলে সেনাবাহিনী নিশ্চিত করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক গালিব ইমতিয়াজ নাহিদ, মাসুদ রানা আলভি এবং রবিউল আউয়াল বাবু। মোহাম্মদপুরের বসিলা আর্মি ক্যাম্পের একটি দল এই অভিযানে নেতৃত্ব দেয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার নাহিদ একজন তালিকাভুক্ত সন্ত্রাসী। অভিযানের সময় তাদের কাছ থেকে ৩টি বিদেশি পিস্তল, ১৩টি দেশীয় অস্ত্র এবং বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, গালিব ইমতিয়াজ নাহিদের অপরাধের রেকর্ড এটাই প্রথম নয়। এর আগে ২০১০ সালের মে মাসেও সাভারের একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করেছিল র্যাব। সে সময় তার কাছ থেকে যুক্তরাষ্ট্রর তৈরি একটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছিল।
বর্তমানে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।







