নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সৌদি প্রেস এজেন্সি’ (এসপিএ) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
অভিনন্দন বার্তায় সৌদি যুবরাজ বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ এবং তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হওয়ায় শুভেচ্ছা জানান। এ সময় তিনি বাংলাদেশের জনগণের উত্তরোত্তর অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন এবং দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।
এর আগে গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। তাঁর সঙ্গে মন্ত্রিসভার আরও ৪৯ জন সদস্য শপথ গ্রহণ করেছেন, যার মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন।
বিশ্লেষকদের মতে, ক্ষমতা গ্রহণের পরপরই সৌদি আরবের মতো গুরুত্বপূর্ণ মুসলিম রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে এই অভিনন্দন বার্তা নতুন সরকারের জন্য আন্তর্জাতিক পর্যায়ে একটি ইতিবাচক কূটনৈতিক স্বীকৃতি। সৌদি আরবের পাশাপাশি আরও বেশ কিছু বন্ধুপ্রতিম দেশ নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে।
নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের পর আজ প্রধানমন্ত্রী তাঁর প্রথম কার্যদিবসে জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন। বিকেলে সচিবালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।







