রাজধানীর মোহাম্মদপুরে লাগামহীন চাঁদাবাজি ও গণছিনতাই রোধের দাবিতে আদাবর থানা ঘেরাও করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে অপরাধীদের গ্রেপ্তার ও জানমালের নিরাপত্তার দাবিতে তারা এই কর্মসূচি পালন করেন।
বিক্ষোভকারীদের সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যার পর আদাবর এলাকায় চাঁদার দাবিতে একদল সন্ত্রাসী স্থানীয় এমব্রয়ডারি কারখানার মালিক ও শ্রমিকদের ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা তাদের কুপিয়ে গুরুতর আহত করলে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এই হামলার বিচার এবং দীর্ঘদিনের চাঁদাবাজি ও ছিনতাইয়ের প্রতিকার চেয়ে বিক্ষুব্ধ জনতা রাতেই আদাবর থানা ঘেরাও করেন। এ সময় তারা থানার সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। রাত ১টা পর্যন্ত শত শত মানুষকে থানার সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। এ বিষয়ে মোহাম্মদপুর অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মো. আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানান, এমব্রয়ডারি কারখানায় হামলার বিষয়টি পুলিশ অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে।
তিনি আরও আশ্বস্ত করেন যে, অপরাধী যে দলের বা যে পরিচয়েরই হোক না কেন, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। পুলিশের এমন আশ্বাসের পরও এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং স্থানীয়রা স্থায়ী নিরাপত্তার দাবি জানিয়েছেন।







