গণতন্ত্রের পথ মসৃণ করতে দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামী আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এই আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, “গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে একটি দীর্ঘ ও কঠিন সংগ্রামের পর। গত এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অকাতরে জীবন দিয়েছে, গুম-খুন ও ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছে। অনেক ত্যাগের বিনিময়ে প্রাপ্ত এই গণতন্ত্রের সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে।”
ইফতার মাহফিলে আমন্ত্রণ জানানোর জন্য তিনি জামায়াতে ইসলামী এবং দলটির আমির ডা. শফিকুর রহমানসহ সকল নেতাকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানান। অনুষ্ঠানে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে দেশের মানুষের প্রত্যাশার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, সাধারণ মানুষ আজ অনেক আশা ও আকাঙ্ক্ষা নিয়ে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। আগামী দিনের রাজনীতি যেন কেবল ক্ষমতার জন্য না হয়ে সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য হয়, সে বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।
বক্তব্যের শেষ পর্যায়ে তারেক রহমান উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, “আসুন আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি যে, আমাদের আগামী দিনের প্রতিটি কাজ হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন।”
