রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ওই ফোনালাপে মূলত ইরানকে ঘিরে চলমান সংঘাত নিয়ে আলোচনা হয়েছে। যুদ্ধ দ্রুত শেষ করার লক্ষ্যে পুতিন কয়েকটি প্রস্তাবও তুলে ধরেন।
ক্রেমলিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ সাংবাদিকদের জানান, ট্রাম্পের সঙ্গে আলোচনায় পুতিন ইরান সংকট দ্রুত সমাধানের জন্য তাঁর পরিকল্পনা ও প্রস্তাব উপস্থাপন করেন।
এই আলোচনায় ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি এবং বৈশ্বিক জ্বালানি বাজারের প্রেক্ষাপটে ভেনেজুয়েলার পরিস্থিতিও উঠে আসে বলে জানান উশাকভ।
পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের সংঘাতের ফলে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। ক্রেমলিনে এক বৈঠকে তিনি সতর্ক করে বলেন, হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন শিগগিরই পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে।
তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতিতে রাশিয়ার তেল ও গ্যাস কোম্পানিগুলোকে সুযোগ কাজে লাগাতে হবে। একই সঙ্গে ইউরোপসহ বিভিন্ন দেশের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির ভিত্তিতে জ্বালানি সরবরাহে রাশিয়া প্রস্তুত বলেও উল্লেখ করেন তিনি।
পুতিনের ভাষায়, মস্কো তাদের ‘বিশ্বস্ত অংশীদারদের’ কাছে জ্বালানি সম্পদ সরবরাহ অব্যাহত রাখবে।
উল্লেখ্য, রাশিয়া বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ এবং প্রাকৃতিক গ্যাসের অন্যতম বৃহৎ মজুদ রয়েছে দেশটিতে।
